২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ মে ২০২২ www.24ghonta.news২৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১১ শাওয়াল ১৪৪৩ হিজরি

হালদা থেকে ১৮ হাজার মিটার ভাসান জাল জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ । ১০:০৫ রাত

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১৮ হাজার মিটার সুতার ভাসান জাল, ৮টি ঠেলা জাল ও ৮টি কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ৮টি কাঠের ডিঙ্গি নৌকায় আনুমানিক ১৮ হাজার মিটার সুতার ভাসান জাল ও ৮টি ঠেলা জাল জব্দ করা হয়েছে। হালদা নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত কাঠের নৌকাগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং জব্দ করা জাল স্থানীয় মৎস্য কর্মকর্তার পরামর্শে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি বলেন, হালদা নদীতে ডিম ছাড়ার সময় মোহনার দক্ষিণ পাশে‌‌র‌ কধুখালী নামের এলাকার অবৈধ মাছ শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন