২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ মে ২০২২ www.24ghonta.news৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২২ শাওয়াল ১৪৪৩ হিজরি

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ওয়েব চেক-ইন সেবা চালু করছে বিমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ মে, ২০২২ । ১২:০৬ দুপুর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করছে।

আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন চেক-ইন সেবার মাধ্যমে যাত্রীরা নিজেরাই তাঁদের পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাশ বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) গিয়ে ওয়েব চেক-ইন-এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার আগের সর্বাধিক ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন তিন ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করা যাবে।

তবে, যদি কোনো যাত্রী ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন, সে ক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর পাওয়া ডিজিটাল বোর্ডিং পাশ বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়—যাত্রীদের ফ্লাইট ছাড়ার ন্যূনতম এক ঘণ্টা আগে বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে ব্যাগেজ জমা দিতে হবে এবং বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

বিমান বাংলাদেশ আরও জানিয়েছে, ওয়েব চেক-ইন-এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটের পাশাপাশি থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক রুটেও ওয়েব চেক-ইন ব্যবস্থা চালু করা হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন