২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ জুন ২০২২ www.24ghonta.news২৫ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪৩ হিজরি

হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রডিউসারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ জুন, ২০২২ । ১১:২৪ সকাল

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারীর (৩৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবিসি নিউজের বার্তাকক্ষ সম্পাদক অমিতাভ রহমান। তিনি বলেন, মরদেহের পাশ থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে এটি হত্যাকাণ্ড হতে পারে।

ডিবিসি নিউজের যুগ্ম বার্তা সম্পাদক মুক্তাদির অনিক পুলিশের বরাত দিয়ে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ৬-৭ ঘণ্টা আগে আব্দুল বারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান জানান, এক পথচারীর ফোন পেয়ে সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। এখনো কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

এর আগে গত ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমানের (৪০) মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালসংলগ্ন মসজিদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবের মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন