২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ জুন ২০২২ www.24ghonta.news২৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১২ জিলকদ ১৪৪৩ হিজরি

খালেদা জিয়ার হার্টে একাধিক ব্লক, পরানো হয়েছে রিং

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুন, ২০২২ । ৪:৫৩ বিকাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম হয়েছে। এতে তার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়েছে। ব্লকের একটিতে পরানো হয়েছে রিং।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন শনিবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার দুপুরে জরুরিভিত্তিতে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হয়। বিএনপির চেয়ারপারসন সংকটাপন্ন নন, তবে তার অবস্থা স্থিতিশীলও নয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।’

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি বলেছিলেন, ‘ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হবে। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

হঠাৎ অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে শনিবার মেডিক্যাল বোর্ডের বৈঠক বসে।

সে বৈঠক শেষে ডা. জাহিদ বলেছিলেন, ‘প্রয়োজনে এনজিওগ্রাম করানো লাগবে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা লাগবে। তার পরে গিয়ে বুঝতে পারব।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন