চট্টগ্রামের হাটহাজারীতে নৃশংসভাবে খুন করা হয়েছে তিন বছর বয়সী ওয়ালিদ নামের এক শিশুকে। তার গলায় ও পেটে ছিলো ছুরিকাঘাতের চিহ্ন। আধো আধো স্বরে কথা বলা ওয়ালিদের এমন হত্যাকাণ্ডে হতবাক প্রতিবেশিরা। হিসেব মিলছেনা কিছুতেই, কি দোষ ছিলো তার। কেনইবা নৃশংসতার বলি হলো ওয়ালিদ।
গতকাল ১৫ জুন, বুধবার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিবেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার মায়ের কান্নার শব্দে ভারি হয়ে উঠছে পরিবেশ।
প্রতিবেশিরা বলেন, ছেলেটি এখনো ভালো করে কথা বলতে পারে না। তার সঙ্গে কি এমন শত্রুতা থাকতে পারে। এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার।
নিহত শিশুর চাচা মো. খোরশেদ জানান, ওয়ালিদের মা ও দাদি দুপুরে গোসল করতে পুকুরে গেলে কে বা কারা ঘরের ভেতর ঢুকে গলায়, পেটে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে শিশু ওয়ালিদকে। রক্তাক্ত অবস্থায় দ্রুত স্থানীয় একাধিক হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিকারপুর ইউনিয়ন পরিষদের পূর্ব শিকারপুর ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এই জঘন্য ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মাহাবুব আলম বলেন, শিশুটির গলা, পেট এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করছি। এ ব্যাপারে পুলিশ অনুসন্ধান করছে।
তিনি আরও বলেন, শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন কান্নাকাটি করছেন। যার কারণে কেউ মামলা করতে আসতে পারেননি। স্বজনরা এলেই মামলা নেওয়া হবে।
শিশু মুহাম্মদ ওয়ালিদের বাবা মুহাম্মদ জাবেদ আরব আমিরাতে থাকেন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ । ৭:১৪ রাত