২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ জুন ২০২২ www.24ghonta.news৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২০ জিলকদ ১৪৪৩ হিজরি

মিরসরাইয়ে পর্যটকের মৃত্যু; দুই সঙ্গী লাপাত্তা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুন, ২০২২ । ১০:৩১ রাত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে নিহত ওই পর্যটকের এখনো পরিচয় মেলেনি।

মিরসরাই থানার এস আই রাজিব পোদ্দার জানান, নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝরনায় এক পর্যটকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২২-২৩ হবে।

তিনি আরো জানান, স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা একসাথে তিনজন ঝরনা দেখতে এসেছিল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে লাশ ছাড়া অন্য দুজনের দেখা মেলেনি। যতটুকু মনে হচ্ছে ঝরনার উপর থেকে নিচে পড়ে লোকটি মারা গেছে।

নাপিত্তাছড়া ঝরনার দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠান টিএসআর ইন্টারন্যাশনালের কর্মকর্তা আয়েচ আহমেদ জানান, প্রচন্ড বৃষ্টির কারণে আজ আমরাও টিকেট কাউন্টার বন্ধ রেখেছি। পর্যটকও খুব কম ছিল। এই তিনজন বেলা ১১টার দিকে ঝরনায় গেছে শুনেছি। বিকেলে খবর এলো তাদের একজন মারা গেছে। এরপর মিরসরাই থানায় খবর দিয়েছি। পুলিশ লাশ ‍উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছে।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, কিভাবে মারা গেল এখনো বলা যাচ্ছে না। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করছি। অপর দুই সঙ্গী লাপাত্তা নাকি নিখোঁজ সে ব্যাপারেও তদারকি চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন