২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জুন ২০২২ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪৩ হিজরি

পি কে হালদারকে আজ ফের আদালতে নেওয়া হচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ । ১১:২১ সকাল

সাড়ে তিন হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে যাওয়া পি কে হালদারকে আজ মঙ্গলবার ফের পশ্চিমবঙ্গের কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হচ্ছে।

১৪ দিনের জেলহাজতের (জুডিশিয়াল কাস্টডি) মেয়াদ শেষেই পি কে হালদারকে আদালতে নেওয়া হবে। শেষবার গত ৭ জুন পি কে হালদারসহ তাঁর পাঁচ সহযোগীকে আদালতে তোলা হয়।

ভারতের আর্থিক দুর্নীতি–সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী গতকাল সোমবার জানান, মঙ্গলবার দিনের প্রথমার্ধেই কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে তাঁদের তোলা হবে। সেক্ষেত্রে আদালতের কাছে অভিযুক্ত ব্যক্তিদের ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের আবেদন জানাবে ইডি।

সূত্র জানায়, এ মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু নতুন তথ্য পেতে চাইছে ইডির কর্মকর্তারা। আর সে লক্ষ্যে কারাগারে গিয়ে যাতে তাঁদের জেরার পথ খোলা থাকে, সে আবেদনও আদালতের কাছে জানানো হবে।

ইডির হাতে গ্রেপ্তার হওয়া এ ছয় জনের মধ্যে পি কে হালদারসহ পাঁচ জন পুরুষ বন্দি রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি জেলে, বাকি একজন নারী রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারের নারী সেলে। সেখান থেকেই তাঁদের আদালতে নেওয়া হবে।

গত ১৪ মে অশোকনগর, কলকাতাসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে পি কে হালদার ও তাঁর সহযোগী প্রাণেশ কুমার হালদার, ইমাম হোসেন ওরফে ইমন হালদার, স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে মিস্ত্রি, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করে ইডি। এরপর কয়েক দফায় রিমান্ড ও জেল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে বলে জানায় ইডি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন