২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ জুলাই ২০২২ www.24ghonta.news১৯ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৪ জিলহজ ১৪৪৩ হিজরি

ফের বাড়ল এলপিজির দাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২ । ৫:১৯ সন্ধ্যা

আবারও বাড়ানো হলো এলপিজি গ্যাসের দাম। প্রতি কেজিতে বাড়ানো হয়েছে ১ টাকা করে। এই হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১২ টাকা। একইভাবে কিছুটা দাম বেড়েছে অটোগ্যাসেরও।

আজ রোববার অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব খলিলুর রহমান, সদস্য মকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম ২৫ ডলার কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূসকও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রতি কেজিতে এক টাকা দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে এলপিজির দাম কমলেও ডলারের দামের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই দাম বাড়ল বলেও জানান তিনি।

জুলাই মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৫২ পয়সা। এ হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে এবার ১ হাজার ২৫৪ টাকা। যা জুন মাসে ছিল ১ হাজার ২৪২ টাকা৷ মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা। জুন মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭৫৯ ডলার থেকে কমে ৭২৫ এবং ৭৫০ থেকে কমে ৭২৫ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় জুলাই মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। এর প্রভাবে জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির দাম দাম বাড়ছে। এছাড়া ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটায়, এই দাম বেড়েছে বলে কমিশন জানায়।

এছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন