২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জুলাই ২০২২ www.24ghonta.news২২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৭ জিলহজ ১৪৪৩ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২ । ৪:০৭ বিকাল

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে।

সচিবালয়ে আজ বুধবার নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি সারা দেশে দুই হাজার ৭১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করারও ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নিয়মিত বন্যার খোঁজ রাখছি। বন্যায় অনেক শিক্ষার্থী বই হারিয়েছে। আমরা নতুন করে খোঁজ নিচ্ছি, কত জন শিক্ষার্থীর নতুন বই লাগবে। আমাদের কাছে প্রতিবছর স্টকে কিছু বই থাকে। কিন্তু, এবার বন্যায় এত ক্ষতি হবে, সেটা আমাদের বিবেচনায় ছিল না। প্রয়োজন হলে আমরা বই ছাপিয়ে হলেও শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব। বই হাতে পৌঁছানোর পর অন্তত দুই সপ্তাহ তাদের সময় দিতে হবে।’ এরপর পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সংক্রমণ অনেক বেড়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু, করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমাদের ১২ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের টিকা দেওয়া আছে। ১২ বছরের কম বয়সিদের দ্রুত টিকা দিতে পারলে হয়তো সেটির প্রয়োজন হবে না। আমরা আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন