২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৬ রবিউস সানি ১৪৪১ হিজরি

আবরার হত্যা:চার আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ

-হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ । ৩:২১ বিকাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ (২২) হত্যা মামলায় ২৫ আসামির মধ্যে পলাতক চার আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

যাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেয়া হয়েছে তারা হলেন- মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও মুজতবা রাফিদ।

গত ১৮ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে ডিবি পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করেন আদালত। চার আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পলাতক আসামিদের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৩ ডিসেম্বর তারিখ ধার্য করেন। আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন মর্মে উল্লেখ করে পুলিশ প্রতিবেদন দাখিল করে। এজন্য আদালত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এরপর আদালত আগামী ৫ জানুয়ারি পরবর্তী শুনানি দিন ধার্য করেন।

গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত‌্যা করে।

পরদিন আবরারের বাবা বুয়েটের ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। পুলিশ এজাহারের ১৬ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন