২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ জুলাই ২০২২ www.24ghonta.news১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৭ জিলহজ ১৪৪৩ হিজরি

সলিমপুরে সরকারী কর্মকর্তাদের সামনে ইউপি সদস্যকে পেটালো দুর্বৃত্তরা, মামলা দায়ের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ জুলাই, ২০২২ । ৮:৫৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তাদের সামনে এক ইউপি সদস্যকে মারধর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা ও স্থানীয় চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ফেরার পথে গাড়ি থেকে নামিয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরিফকে বেধড়ক মারধর করে ইয়াসিন বাহিনীর সন্ত্রাসীরা। হামলায় নেতৃত্ব দেন ইয়াসিন নিজে।

ইউপি সদস্য মোহাম্মদ আরিফ বলেন, সন্ত্রাসী ইয়াসিন বাহিনী অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। তারা আমাকে মারতে মারতে বলতে থাকে এখানে কেউ আসতে পারবি না। তুই আমাদের নাগরিক সনদ ও জন্ম সনদ দিতে গড়িমসি করিস।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের সামনে আমাকে মেরে তারা বার্তা দিয়েছে যে, “এটা আমাদের এলাকা। এখানে কেউ প্রবেশ করতে পারবে না”। এদিকে এঘটনায় হামলার শিকার ইউপি সদস্য আরিফ এর ছোট ভাই আব্দুল আলিম বাদী হয়ে ইয়াসিনসহ ৬ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন