চট্টগ্রাম কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি ছুরি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন জমিয়তুল ফালাহ মসজিদ গেইটের পাশে পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- আরমান হোসেন (১৯), মো.করিম (১৯), মো.খোকন (৩৫), শাহীন মোহাম্মদ ওমর ফারুক (২০), মো.রুবেল (২৩),মো. জাবেদ হোসেন জাহিদ (২৫),মো.দেলোয়ার হোসেন (২৩)ও মো.সোহেল (৩০)।
এ ঘটনার সততা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বৃহস্পতিবার রাতে নগরীরর জমিয়তুল ফালাহ মসজিদের মেইন গেইটের পাশে অন্ধকার পরিত্যক্ত একটি ঘরে ৮ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশের কাছে এমন গোপন সংবাদ আসার পরে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো.দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৬টি, মো.জাবেদ হোসেন জাহিদের বিরুদ্ধে ৪টি, মো.সোহেলের বিরুদ্ধে ২টি ও মো. রুবেলের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলেও জানান ওসি জাহিদুল কবির।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ । ২:০৩ দুপুর