চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত পাঁচজন মাইক্রোবাসের যাত্রীর মধ্যে একজন মারাগেছেন। পর্যটকবাহী মাইক্রোবাসের ১৬ যাত্রীদের মধ্যে মোট ১২ জন মারা গেছেন।
২৯ জুলাই(শুক্রবার) দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাইক্রোবাসে ১৬ জন যাত্রী ছিল। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ওই লেভেল ক্রসিং পার হওয়ার মুখে খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মাইক্রোবাস রেললাইনে উঠে পড়ে। সংঘর্ষের পর মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় মাইক্রোবাসটিকে বেশ খানিকটা পথ ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন।
রেল কর্মকর্তা আনসার আলী বলেন, ট্রেন আসায় গেটম্যান সাদ্দাম বাঁশ ফেলেছিলেন। কিন্তু মাইক্রোবাসটি বাঁশ ঠেলে রেল ক্রসিংয়ে উঠে পড়ে।
তবে প্রত্যক্ষদর্শী মফিজুল হক জানান, দুর্ঘটনার সময় গেইটম্যান ছিলেন না। তিনি জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন।
মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, হাটহাজারী থেকে আসা ওই মাইক্রোবাসে মোট ১৬ জন ছিলেন। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মারা যান। কেবল একজন অক্ষত আছেন। বাকিদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানেই আরো একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রায় দুইঘণ্টা পার হলেও এখনো রেললাইনেই রয়েছে মাইক্রোবাসটি। ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় দুইঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ফলে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ট্রেনের সঙ্গে এমনভাবে মাইক্রোবাসটি আটকে রয়েছে যে গ্যাস দিয়ে কাটার চেষ্টা করেও উদ্ধার করতে পারছি না। সীতাকুন্ড টিম আমাদের সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। বড় একটা জেনারেটর আনা হচ্ছে তারপর হয়তো কেটে উদ্ধার করা যাবে।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ । ৫:১৩ সন্ধ্যা