২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ জুলাই ২০২২ www.24ghonta.news১৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২ মুহাররম ১৪৪৪ হিজরি

পার্থ-অর্পিতা গ্রেফতারকাণ্ডে যা বললেন দেব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২ । ৪:৪৭ বিকাল

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার ইস্যুতে এবার মুখ খুললেন অভিনেতা দেব। শুক্রবার কলকাতায় একটি গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি যে রাজনীতি বুঝি, সেটার জন্য দলের বদনাম যেন না হয়।’

তাই এমন কোনো কাজ করতে চাই না যে যার জন্য দল কিংবা আমার পরিবার, বন্ধুবান্ধব অপমানিত হন। ঘাটাল তৃণমূল কংগ্রেস থেকে পরপর দুবারের নির্বাচিত সংসদীয় এলাকার সংসদ সদস্যও দেব। অভিনেতার বাইরে তার নিজস্ব রাজনৈতিক চরিত্রও রয়েছে।

ফলে দেবের এমন মন্তব্য অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে শিক্ষা নিয়োগে দুর্নীতি মামলায় তোলপাড় পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতি। এ মামলায় গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার কথিত ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ও। তদন্তে নেমে প্রায় ৫০ কোটি টাকা, কয়েক কেজি সোনা এবং একাধিক নথি উদ্ধার করেছেন ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা।

জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকরসব তথ্যও। তৃণমূল কংগ্রেস দল এবং সরকার চরম বিব্রতকর পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে বরখাস্তসহ তার দলীয় সব দায়িত্ব থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজনৈতিক নেতা-নেত্রীদের পাশে আওয়াজ তুলছেন বিদ্বজনরাও।

টুইট করেছেন অপর্ণা সেন, শিক্ষাবিদ ড. পবিত্র সরকার প্রমুখ। প্রতিবাদের ভাষা নিয়ে গর্জে উঠছে শহরের রাজপথ। এ নিয়ে একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তৃণমূলের সাংসদ অভিনেতা দেবও তার প্রতিক্রিয়া দেন। তার ভাষায়, রাজনীতি মানে তিনি বোঝেন, তার জন্য দলের বদনাম যেন না হয়। তাই এমন কোনো কাজ তিনি করতে চান না, যার জন্য দল কিংবা তার পরিবার, বন্ধুবান্ধব অপমানিত হয়।

তাই এ বিষয়ে কোনো মন্তব্যই করতে চান না দেব। প্রসঙ্গত, বর্তমানে ইডির দফতর সিজিও কমপ্লেক্সের অস্থায়ী জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্য জেলে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। আদালতের নির্দেষে প্রতি ৪৮ ঘণ্টা অন্তর হচ্ছে তাদের মেডিকেল টেস্ট।

এদিকে ৫০০ দিনেরও বেশি গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে আগামী ৮ আগস্ট বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও আবার টেট প্রার্থীরা শুক্রবার সন্ধ্যা থেকে বিক্ষোভ শুরু করেছেন। শনিবার যদিও পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। সেটা নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন