২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩ আগস্ট ২০২২ www.24ghonta.news১৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৪ হিজরি

উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগের প্রতিবাদে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে অবরোধ, ২৪ ঘন্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২ । ১১:১৭ রাত

সীতাকুণ্ডের আলীনগরে অভিযানে বসতঘর ও দোকান উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ-পানি বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড দুই ঘন্টা অবরোধ করে রেখেছে বাসিন্দারা। বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘন্টার এই অবরোধে সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শত শত গাড়ি আটকা পড়ে। অবরোধকারীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে আলীনগরে পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান ও উচ্ছেদ বন্ধের আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে সরে যায তারা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের অন্তর্গত দুর্গম পাহাড়ের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এসময় তিনি ১৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। যার মধ্যে রয়েছে বেশ কিছু নব নির্মিত বাড়ি-ঘর-দোকান ইত্যাদি।

এর আগে জেলা প্রশাসক সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ ঘোষণা করেন। প্রতিবাদে বুধবার আলীনগর এলাকার হাজার হাজার নারী-পূরুষ একত্রিত হয়ে বিকাল আনুমানিক ৫টায় ফৌজদারহাট লিংক রোড অবরোধ করেন। খবর পেয়ে চট্টগ্রাম জেলা ও মেট্টোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সামনে অবস্থান নিলে বিক্ষোভকারীরা তাদের সামনে নানান শ্লোগান দিয়ে দাবী জানাতে থাকেন। আন্দোলনকারীরা জানান, সম্প্রতি জেলা প্রশাসন এখানে যে অভিযান চালাচ্ছে তার কোন পূর্ব নোটিশ দেয়া হয়নি। বিনা নোটিশে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জনজীবন ব্যাহত করা হচ্ছে। অনেক স্থানে নেই পানি সরবরাহও। ফলে চরম দুর্ভোগ চলছে। এর মধ্যে আবার জেলা প্রশাসক নিজেই উপস্থিত থেকে মঙ্গলবার ১৭৫টি স্থাপনা উচ্ছেদ করেন। আমরা এসব অভিযান বন্ধের দাবী জানাই এবং অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে পুনরায় বিদ্যুৎ সংযোগ চাই। তা না হলে কাল আবারো মহাসড়ক অবরোধ করা হবে। ঘটনাস্থলে উপস্থিত সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম জানান, বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন ও উচ্ছেদের বিরুদ্ধে আলীনগরের কিছু বাসিন্দা সড়কে অবস্থান নিয়ে শ্লোগান দেয়। তারা দুই ঘন্টা ঐ সড়কে অবস্থান নেয়। এতে যানজট সৃষ্টি হলেও পুলিশ কোনরকম বাধা প্রদান করেনি। পরে তারা চলে যায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন