বলিউড বাদশা শাহরুখ খানের অভিনয়ে নয়, বরং তার ব্যবহারেও মুগ্ধ অসংখ্য অনুরাগী। এ জন্য অবশ্য তার বেশ সুনাম রয়েছে। তবে সব কিছুর পরে তিনিও মানুষ। মাঝেমধ্যেই মেজাজও হারান। সম্প্রতি সেই নমুনা দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে।
ঘটনা হলো লন্ডনে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ সিনেমার শুটিং করছিলেন শাহরুখ। শুটিং শেষে মুম্বাই ফেরেন আরিয়ান, আব্রাম ও তার বোনকে নিয়ে। ছোট ছেলে আব্রামের হাত ধরে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন শাহরুখ। আচমকা এক অনুরাগী এসে সেলফি তোলার জন্য হাত ধরে টান মারেন। তাতেই মেজাজ হারান শাহরুখ। এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
সে সময় আরিয়ান তাকে শান্ত করেন। বাবাকে শান্ত করে বিমানবন্দর থেকে নিয়ে চলে যান। বাবা ও ছেলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এমন ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকে মনে করছেন যে, তার পাশে তার ছোট ছেলে আব্রাম ছিল বলেই এমন ব্যবহার করেছেন শাহরুখ। ছেলে-মেয়েদের সুরক্ষা নিয়ে কোনও আপস করেন না তিনি। মাদক মামলায় ছেলের নাম জড়ানোর পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। ছেলের জামিনের পরও নাকি আতঙ্কে থাকেন কিং খান।
বর্তমানে বলিউড বাদশার হাতে ‘ডাঙ্কি’ ছাড়াও রয়েছে ‘জাওয়ান’ ‘পাঠান’। অন্যদিকে আরিয়ান নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ডিরেক্টর হিসেবে। সেই দিকেই মনোনিবেশ করছেন তিনি।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২ । ৫:১৯ সন্ধ্যা