রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগীর শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি আব্দুর রহমান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক শাহ আক্তারুজ্জামান ইলিয়াস মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। অপর দিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে রিমান্ডের দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
গতকাল শনিবার রাতে সৈকতকে আটক করে ডিবিতে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২২ বছর বয়সী সৈকত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ ক্লাসের ছাত্র। সৈকত স্বীকার করেছে, রুম্পা তার প্রেমিকা।
এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের একটি বাসার নিচে অজ্ঞাত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরদিন পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করে। পরে জানা যায় তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ । ৪:৩৫ বিকাল