২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১২ আগস্ট ২০২২ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪৪ হিজরি

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ । ৫:২০ সন্ধ্যা

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত কয়েকদিন ধরে এই অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল।

আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতের মধ্যপ্রদেশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে।

আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও টেকনাফে ৪২ মিলিমিটার, হাতিয়ায় ৪০ মিলিমিটার, বরিশালে ৩৯ মিলিমিটার, পটুয়াখালীতে ৩২ মিলিমিটার ও খেপুপাড়ায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় কোন বৃষ্টিপাত হয়নি।

পূর্বাভাস বলছে, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রাঙ্গামাটিতে সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সৈয়দপুর ও সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন