২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১২ রবিউস সানি ১৪৪১ হিজরি

আমি চাই মেয়েরা এগিয়ে আসুক,তারাই উদ্যোক্তা হোক: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ । ১২:৫২ দুপুর

অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, নারী ব্যবসায়ীদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন-বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে প্রতিটি কর্মক্ষেত্রে নারীরা যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন।

শেখ হাসিনা বলেন, ‘যেখানেই মেয়েরা কাজ করছে সব ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দিচ্ছে। পুরুষদের পাশাপাশি একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা এগিয়ে যাচ্ছে।’

নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে; বেগম রোকেয়ার সে স্বপ্ন আজ বাস্তবতা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বেগম রোকেয়া স্বপ্ন দেখতেন যে নারীরা জজ-ব্যারিস্টার হবে, তারা বিভিন্ন পেশায় কাজ করবে। আমি বর্তমানে এতটুকু দাবি করতে পারি, বর্তমানে বাংলাদেশের মেয়েরা সেই জায়গাটা করে নিতে পেরেছে।’

সরকারপ্রধান আরও বলেন, ‘বেগম রোকেয়া হয়তো চাইতেন একজন নারী কোনো রাষ্ট্রের প্রধান হবেন। সমাজ ও পরিবারে পুরুষের সঙ্গে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, পা ফেলে চলবে। সমান অধিকার ভোগ করবে। সেটা এখন নিশ্চিত করতে পেরেছি এটা আমরা দাবি করতে পারি।’

১৯ শতকের দিকে পর্দার নামে নারীদের ঘরে বন্দী করে রাখা হতো জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তখন পড়াশুনার সুযোগ ছিল না। আর মুসলমান মেয়েদের জন্য আরও কঠিন অবস্থা ছিল। সেই সময় সেই অন্ধকার জগত থেকে নারীদের আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া। আজ আমরা যে অবস্থানে এসেছি এতে বেগম রোকেয়ার অবদান রয়েছে। তাই তার নামে পদক দিতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করছি।’

এ সময় সরকার নারীর উন্নয়ন ও সুরক্ষায় জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি চাই মেয়েরা এগিয়ে আসুক। তারাই উদ্যোক্তা হোক।’ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা বিশেষ সুবিধা পাবেন বলেও জানান শেখ হাসিনা।

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে দেশের পাঁচ জন বিশিষ্ট নারী ও তাদের পরিবারের হাতে বেগম রোকেয়া পদক-২০১৯ এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

রোকেয়া পদকপ্রাপ্তরা হলেন-বেগম সেলিনা খালেক নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে; অধ্যক্ষ শামসুন নাহার নারী শিক্ষায় ও ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর) নারী শিক্ষা, নারীর অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য; পাপড়ি বসু নারীর অধিকার ও বেগম আখতার জাহান নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য পদক পেলেন।

এর আগে রোববার (৮ ডিসেম্বর) বেগম রোকেয়া পদক-২০১৯ দেয়ার জন্য পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে চূড়ান্তভাবে মনোনীত করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে এ পুরস্কার দেয়া হয়।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকাল ১০টায় ঢাকায় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০১৯ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন