২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৯ আগস্ট ২০২২ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪৪ হিজরি

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ । ২:৪৪ দুপুর

কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবির থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১৯ আগস্ট) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ এপিবিএনের অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর।

আটক মো. ফারুক (২৯) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকের বাসিন্দা ওলা মিয়ার ছেলে।

এ বিষয়ে ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর বলেন, শুক্রবার ভোরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকে জনৈক ব্যক্তির ঘরে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থান করছে। এমন খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘরটি ঘেরাও করলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন লোক কৌশলে পালিয়ে যায়। পরে ঘরটিতে অবস্থানকারী সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে লোকটির হেফাজতে রাখা দেশিয় তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি পাওয়া যায়।

এপিবিএনের অধিনায়ক আরও বলেন, আটক মো. ফারুক সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিআইজি হাসান বারী নুর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন