২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ আগস্ট ২০২২ www.24ghonta.news৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৫ মুহাররম ১৪৪৪ হিজরি

চার দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২ । ১১:৫০ সকাল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সোমবার থেকে চার দিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে তাঁর গ্রামের বাড়ি যাচ্ছেন। সেখানে বিভিন্ন কর্মসূচিতে তাঁর যোগ দেয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

জয়নাল আবেদীন বলেন, জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে চার দিনের সফরে রাষ্ট্রপতি সোমবার কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সেখানে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সদস্যদের সাথেও ধারাবাহিকভাবে পৃথক পৃথক মতবিনিময় সভা করবেন।

রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবে। মিঠামইন পৌঁছানোর পর বিকাল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।

সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তাঁর পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন।

আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে রাষ্ট্রপতি হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এনে-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন