চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মোঃ জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। এসময় ঐ ইউপি সদস্যের বাড়িতে লুকিয়ে রাখা ১টি দেশিয় তৈরি কাঠের বাটযুক্ত ওয়ান শ্যুটার গান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
রবিবার (২১ আগস্ট) রাতে উপজেলার আমিলাইশের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত জয়নাল আবেদীন দক্ষিণ আমিলাইশের মৃত অলি আহমদের ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লোকমান হাকিম মেম্বারের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল।
ওই বাড়ির নিচতলায় বাথরুমের ছাদের (ফলস ছাদ) উপর থেকে গামছায় পেচানো ১টি দেশিয় তৈরি কাঠের বাটযুক্ত ওয়ান শুটার গান এবং ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
এসময় স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করে র্যাবের ঘটনাটি নিয়ে সন্দেহ হয়। পরে তথ্যদাতা জয়নাল আবেদীনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পূর্ব শত্রুতার জের ধরে তাকে ফাঁসানোর বিষয়টি স্বীকার করেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, ইউপি মেম্বারের উপর ক্ষুব্ধ ছিলেন জয়নাল। তাই কৌশলে তার বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে বাথরুমের ফলস ছাদে অস্ত্র লুকিয়ে রেখে আইনশৃঙ্খলাবাহিনীকে তথ্য দেন।
তার দেয়া তথ্যে অস্ত্র উদ্ধার হলেও ঘটনার পারিপাশ্বিকর্তা মিলছিলো না। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে এসব তথ্য বেরিয়ে আসে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া অস্ত্র র্যাব সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় থানায় অস্ত্র মামলা হয়েছে। ওই মামলায় আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২ । ৭:০১ রাত