২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৩ রবিউস সানি ১৪৪১ হিজরি

‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ । ৮:৫৮ সকাল

আজ জাতীয় ভ্যাট দিবস। এবারের ভ্যাট দিবসের শ্লোগান হচ্ছে ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’। ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে নান কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবসায়ী, ভোক্তাসাধারণ ও ভ্যাট আহরণ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তারা অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে ভ্যাট কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে ভ‌্যাট দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সর্বশেষ চলতি অর্থবছরে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার পর থেকে দিবসটির গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘ভ্যাট আদায়ে ছাড় দেয়া হয়েছে। ভ্যাট আদায়ে প্রাথমিক পর্যায়ে অনুরোধ করা হবে, পরে আইন প্রয়োগ করা হবে। তবে সে সময় ভ্যাট আদায়ের ক্ষেত্রে কোনো দিক থেকে যেন হয়রানির কথা না ওঠে। অনলাইনে ভ্যাট নিবন্ধন ১ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। রিটার্ন জমা পড়েছে ১ লাখ পাঁচ হাজার। রেজিস্ট্রেশন প্রতিনিয়ত বাড়ছে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ভ্যাটের হার নির্ধারণ করা হয়েছে। রড, স্টিলসহ কয়েকটি পণ্যের ক্ষেত্রে মানুষের কথা চিন্তা করে এবং ভ্যাটের বিষয়ে ভীতি যেন তৈরি না হয়, সেজন্য ভ্যাটের হার ফিক্সড করে দেয়া হয়েছে। এত কিছুর পরও যদি ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি না হয় তাহলে তা হবে খুবই দুঃখজনক। ব্যবসায়ীদের যথেষ্ট সুযোগ দেয়া হয়েছে। ভ্যাট আদায়ে জুলাই-আগস্টে নেগেটিভ প্রবৃদ্ধি থাকলেও সেপ্টেম্বর-অক্টোবরে তা ঘুরে দাঁড়িয়েছে।

সকালে সেগুনবাগিচা রাজস্ব ভবন থেকে ভ্যাট দিবসের শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শোভাযাত্রার নেতৃত্ব দেবেন। এসময় এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত থাকবেন। এছাড়া সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করবেন।

বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা দেয়া হবে। সেখানে প্রধান অতিথি অর্থমন্ত্রী ছাড়াও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য আজ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে সামনে রেখে গণসচেতনতা বৃদ্ধিতে পোস্টার, উৎসাহব্যঞ্জক স্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড, বেলুন, বর্ণিল ফেস্টুন ও ব্যানার থাকবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইনভিত্তিক মিডিয়ায় তথ্যভিত্তিক ডকুমেন্টরিসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন