২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ আগস্ট ২০২২ www.24ghonta.news১১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ২৯ মুহাররম ১৪৪৪ হিজরি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ । ২:৪২ দুপুর

সৌদি আরবে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির আল কাসিম শহরে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বাংলাদেশি হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

মক্কা প্রবাসী তাজুল ইসলাম আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ বলেন, ‘মো. ফারুক তিন বছর আগে সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি নেন। তিন মাস আগে তাঁর ছোট ভাই পারভেজকেও একই কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে নিয়ে যান তিনি। মনোহরগঞ্জের মির্জাপুর গ্রামের সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জমান। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাজার করতে প্রাইভেটকার নিয়ে বের হন ফারুক। সঙ্গে তাঁর ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিলেন। আল কাসিম শহরে পৌঁছানোর সময় রাস্তায় মোড় ঘোরাতে গিয়ে তাঁদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।’

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের মরদেহ আনতে সব ধরনের আইনি সহায়তা আমরা করব।’

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, ‘মরদেহ দেশে আনতে পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন