বলিউডের পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য নিয়ে বহুবার কথা উঠেছে। ‘লাইগার’ ছবি কি আরও এক বার উসকে দিল সেই বিতর্ক?
বৃহস্পতিবার (২৫ আগস্ট) মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি বিগ বাজেটের মুভি ‘লাইগার’। অথচ ছবিতে অভিনয়ের জন্য বিপুল পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ছবির নায়ক বিজয় দেবেরাকোন্ডা। অপরদিকে সে হিসেবে ছবির নায়িকা নিতান্তই কম পারিশ্রমিক নিয়েছিলেন।
চলতি বছরে বলিউড ইনডাস্ট্রিতে সুদিনের হাওয়া যেন বইছেই না। একের পর এক ছবি বয়কট আর ফ্লপের খাতায় নাম লেখাচ্ছে। এরই মধ্যে লিঙ্গবৈষম্যর সমালোচনা উঠলো ‘লাইগার’নিয়ে।
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ছবিটি মোটেও দর্শকদের মন জয় করতে পারেনি। অথচ ছবিটি তৈরি করতে নির্মাতার ব্যয় হয়েছে ১২৫ কোটি টাকা।
বিগ বাজেটের এই ছবিতে অবশ্য নায়কের পেছনেই খরচ হয়েছে ৩৫ কোটি। অন্যদিকে নায়িকাকে পারিশ্রমিক হিসেবে দেয়া হয়েছে মাত্র মাত্র ৩ কোটি টাকা। নায়ক নায়িকার পারিশ্রমিকে এত বৈষম্য কেন এমন প্রশ্নে নীরব প্রযোজকরাও।
বলিউডে নায়ক নায়িকার পারিশ্রমিকে বৈষম্য করা, নতুন কোনো ইস্যু নয়। যুগ যুগ ধরে চলতে থাকা এই অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে বলিউড ইন্ড্রাস্ট্রিতে।
পারিশ্রমিকের এই বৈষম্য নিয়ে এর আগে বহুবার মুখ খুলেছেন বলি নায়িকারা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় মৌনি রায় বলেছিলেন, পারিশ্রমিকের বৈষম্য বদলাতে হলে একটা বিপ্লব করতে হবে। একদিনে কিছু হবে না।
পারিশ্রমিকের বৈষম্য নিয়ে আওয়াজ তুলেছেন বিদ্যা বলান, কঙগনা রানাউত, কাজলসহ আরও অনেকেই। তবে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো সুরাহা পায়নি বলিউড ইনডাস্ট্রি।
চলচ্চিত্রাঙ্গনে নারীবৈষম্য বন্ধ করে তৈরি করতে হবে মসৃণ পথ। আর এ জন্য নিজের অধিকার আদায়ে সরব হওয়ার পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলিউডের নায়িকা।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ । ১১:৫৫ সকাল