মিরসরাইয়ে পারিবারিক কাজ শেষে বারইয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় নয়ন ভুঁইয়া (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন ভূঁইয়া উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোশাররফ সওদাগর বাড়ির নুর আলমের পুত্র।
নয়নের জেঠাতো ভাই মো. সবুজ বলেন, শুক্রবার দুপুরে নয়ন বাইসাইকেল যোগে পারিবারিক কাজে বারইয়ারহাট বাজারে যায়। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় বেপরোয়া গতির
একটি ক্যাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল নয়ন। শুনেছি স্থানীয়রা ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়েছে।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই বাতেন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমাদেরকে এখনো কেউ জানায়নি। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।
জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ । ৫:৪১ সন্ধ্যা