ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট চুক্তির আওতায় আরো একটি পরীক্ষামূলক (ট্রায়াল রান) এক কন্টেইনার পণ্য নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরে আসছে এমভি ট্রান্স সামুদেরা। রোববার (৪ সেপ্টেম্বর) ভোরে ট্রানজিটের এক কনটেইনার পণ্য (রড) নিয়ে এমভি ট্রান্স সামুদেরা জাহাজটি কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে উদ্দেশ্য রওনা দিয়েছে। আগামীকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। ম্যাংগো লাইন লিমিটেডের ব্যবস্থাপক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু এন্ড ফরম ইন্ডিয়া’ চুক্তির আওতায় এ চালান আসছে। যা সড়ক পথে শ্যাওলা (সিলেট)-সুতারকান্দি (ভারত) স্থলবন্দর দিয়ে আসাম নেওয়া হবে।
২০২০ সালে এমভি সেঁজুতি জাহাজে কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ট্রানজিটের চার কনটেইনার পণ্য এসেছিল। গত মাসে মোংলা বন্দর দিয়ে ট্রানজিটের আরেকটি সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে মেঘালয় থেকে চায়ের কনটেইনার ডাউকি-তামাবিল হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে ট্রানজিটের ট্রায়াল রানের শেষ চালানটি কলকাতা বন্দরে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তির আওতায় চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে ট্রায়াল রান সম্পন্ন হচ্ছে- এটি গৌরবের। এতে বন্ধু প্রতিম দুই দেশ উপকৃত হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান, ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ট্রানজিট পণ্য পরিবহনে চট্টগ্রাম বন্দর শতভাগ প্রস্তুত।
জে-আর/এম-জে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ । ৭:২২ রাত