২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news২১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ৯ সফর ১৪৪৪ হিজরি

এসএসসি: ২১ দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ । ৪:০৭ বিকাল

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৫ সেপ্টেম্বর) পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত (মোট ২১ দিন) দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

দীপু মনি জানান, যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। আগের বছরের তুলনায় এবার ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি। এছাড়া কেন্দ্র বেড়েছে ১১১টি।

এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হওয়ায় ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

পরে স্থগিত হওয়া এ পরীক্ষা মধ্য আগস্টে শুরু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ওই সময় দেশে বন্যার আশঙ্কা থাকায় পরীক্ষা কার্যক্রম আবার বাধার মুখে পড়তে পারে। এ জন্য ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন