২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৪ হিজরি

১১ হলে ‘বিউটি সার্কাস’, ‘অপারেশন সুন্দরবন’ কত?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ । ৫:০৩ সন্ধ্যা

জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পরাণ’ ও ‘হাওয়া’ ঢাকাই সিনেমায় সুবাতাস নিয়ে এসেছে। এরপর মুক্তি পাওয়া আর কোনও সিনেমা তেমন সফলতা পায়নি। তবে আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মুক্তির অপেক্ষায় থাকা ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে বেশ আশাবাদী সিনেমা সংশ্লিষ্টরা।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সার্কাস, জাদুর পাশাপাশি সম্পর্ক, সমাজ ও প্রতিশোধের গল্পে নির্মিত ‘বিউটি সার্কাস’। এই সিনেমার প্রধান আকর্ষণ খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান।

সিনেমাটি দেশের ১১ সিনেমা মুক্তি পাচ্ছে। পরিবেশক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এ তথ্য জানিয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসানের ভাষ্য, ‘দেড় বছর পর আমার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। আমি কোনও স্টান্ট ম্যান ব্যবহার করিনি শুটিংয়ে। অনেক ঝুঁকি নিয়েছি, আবার মজাও ছিল। কারণ, এ রকম কিছু আর পাব কি না কে জানে। আমিসহ সবাই কষ্ট করেছে।’

বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫), ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা মাহমুদ দিদার। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

অন্যদিকে, বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তি পাবে দেশের প্রায় ২২টি সিনেমা হলে।

সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানাচ্ছে, ‘আগামীকাল চূড়ান্ত তালিকা জানাতে পারব। তবে ২০-২৫ সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। ভালো ভালো সিনেমা হলে দেখেই আমরা মুক্তি দিচ্ছি।’

২০১৯ সালে ২০ ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুটিং শুরু হয়েছিল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। করোনার কারণে কয়েক ধাপ পিছিয়ে গেল বছরের ১০ নভেম্বর মোংলার বানিয়াশান্তা এলাকায় সিনেমাটির শুটিং শেষ হয়।

দীপংকর দীপনের পরিচালনায় সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’; বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি।

সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন