২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ১৬ রবিউস সানি ১৪৪১ হিজরি

শাহজালালে চার কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ । ৭:৪৮ রাত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় চার কেজি স্বর্ণ ও স্বর্ণের চুড়িসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল।

আটককৃত ওই যাত্রীদের নাম সৈয়দ আহমেদ মল্লিক (৪২) ও মো: ইউসুফ (৫০)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা ও শুক্রবার ভোর ৬টায় শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে সোদি আরব ও দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণেরবার ও চুড়ি জব্দ করা হয়।

তিনি আরো জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে আসেন আহমেদ মল্লিক (৪২)। তিনি বিমান থেকে নেমে তড়িঘড়ি করে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা কাস্টমস হাউজের সদস্যরা তার পিছু নেয়। পরে তার শরীর, পরনের জ্যাকেট ও পাঞ্জাবির পকেটে তল্লাশী করে ২কেজি ১২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। যার মধ্যে ১৭ পিস স্বর্ণের চুড়ি রয়েছে।এগুলোর বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা।উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে আছে।

অপরদিকে, শুক্রবার সকাল সাড়ে ৬টায় মো: ইউসুফ (৫২) নামে এক যাত্রী এয়ার এমিরেটসের একটি বিমানযোগে দুবাই থেকে ঢাকায় আসেন। তিনি বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার সময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে তল্লাশি করেন। এসময় তার প্যান্টের পকেটের ভেতর থেকে ১০ তোলা ওজনের ১৬ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন হল এক কেজি ৮৫৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফরমান আলী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্বর্ণ চোরাচালান আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন