২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বিয়ে করেই খেলতে দৌড়ালেন শরিফুল রাজ!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ । ১:২৬ দুপুর

বিয়ের মঞ্চে ‘আলহামদুলিল্লাহ কবুল’ বলেই সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ দৌড় দিলেন ফুটবল মাঠে। রাতে যখন ফিরলেন, নববধূ বিদ্যা সিনহা মিম বাসরঘরের দরজা এঁটেছেন!

এই দৃশ্য আগামী ২৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’ সিনেমার। সিনেমাটির ‘ঘুরঘুর পোকা’ গানের এমন মিষ্টি মধুর প্রেমকাহিনিতে মজেছেন দর্শক। সংগীতশিল্পী মমতাজ বেগমের কণ্ঠে গানটি প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম প্রকাশ করেছে সোমবার রাতে। গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজনে ছিলেন আরাফাত মহসীন।

গান প্রকাশের পর শরিফুল রাজ জানিয়েছেন, ‘প্রচুর সাড়া পাচ্ছি দর্শক-শ্রোতাদের কাছ থেকে। দর্শক গানের মতো সিনেমাটিও পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’

‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় থাকা শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম জুটিকে আবার দেখা যাবে এই ‘দামাল’ সিনেমায়। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সামিয়া অথই, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, শায়েদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সায়ীদ নাজমুল সাকিব, লেনিন, রুবল লোদি, লিমনসহ অনেকেই।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। সিনেমাটি প্রসঙ্গে তাঁর ভাষ্য, “এটি আমার একটি স্বপ্নের প্রকল্প। কারণ, এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আমার মনে হয় মুক্তিযুদ্ধকে নিয়ে আগে এভাবে কাজ হয়নি। আশা করি, ‘পরাণ’ যাঁরা দেখেছেন, তাঁরা আরও বড় চমক পাবেন এতে।”

শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন