বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় নামের আগে ডাক্তার লিখে রোগীদের সাথে প্রতারণা করার দায়ে ৮ পল্লী চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পেকুয়া বাজার, ধইন্যাকাটা বাজার, হাজী বাজার, পেকুয়া চৌমুহনী,
কাছারি মোড়া স্টেশনে পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পূর্বিতা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদের আটকের পর অর্থদন্ড করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল মাজেদ চৌধুরী ও পেকুয়া থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পল্পী চিকিৎসক মো. মতিয়ার রহমান বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর সনদ ব্যতীত রোগী ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ডাক্তার লিখে রেখেছেন।
এতে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্ত পল্লী চিকিৎসকরা হলেন পেকুয়া বাজারের উষা মেডিকেল হলের প্রদীপ কুমার সুশীল, আব্দুল মান্নান, জাফর আলাম, পেকুয়া চৌমুহনী সোহেল মানিক, হুমাইরা পারভীন মুক্তা, নুরুল কাদের, আবদু রাজ্জাক,
কাছারী মোড়া স্টেশনের সমীর কান্তি নাথ। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পেকুয়া চৌমুহনীর ভুয়া চিকিৎসক শাহাব উদ্দিন পালিয়ে গেলে তার চেম্বার সিলগালা করেন নির্বাহী কর্মকর্তা।
এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, বিএমডিসি কর্তৃক বৈধ রেজিষ্ট্রেশন না থাকলে কোনো চিকিৎসকই নিজস্ব প্যাড ব্যাবহার করে চিকিৎসা দিতে পারেন না।
চিকিৎসক পরিচয়ে প্রাইভেট প্র্যাকটিস না করার জন্য সতর্ক করে দেওয়ার পাশাপাশি যাচাই না করে ফার্মেসির মালিকদের ভবিষ্যতে এসব তথাকথিত ডাক্তারকে চেম্বার না করতে সতর্ক করে দেন তিনি।
২৪ ঘণ্টা / জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৭:০৯ রাত