২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বেনাপোল সীমান্তে ৭ পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২ । ১:০৪ দুপুর

বেনাপোলের অগ্রভুলাট ও দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি নাইন এমএম পিস্তল, ৪টি ওয়ান শুটার গান, তিনটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ সম্রাট হোসেন (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড (বিজিবি) বাংলদেশ সদস্যরা।

গ্রেপ্তার সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। শনিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে অস্ত্রের এ চালানসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে বিশাল একটি অস্ত্রের চালান অগ্রভুলাট-দৌলতপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে, এমন খবর গোপন সূত্রে বিজিবি জানতে পারে। এ খবরে বিজিবির একটি আভিযানিক দল পৃথক দুটি অভিযান চালিয়ে দৌলতপুর সীমান্ত থেকে সম্রাট হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করে। পরে তার হাতে থাকা চটের ব্যাগে তল্লাশি করে দুটি (নাইন এমএম) বিদেশি পিস্তল, দুটি দেশি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করে।

অপরদিকে অগ্রভুলাট সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কৌশলে পালিয়ে যায়। সেখান থেকে একটি (নাইম এমএম) বিদেশি পিস্তল, দুটি দেশি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান জানান, ভারত থেকে এসব অস্ত্র এনে দেশে সন্ত্রাসী কাজে ব্যবহারের উদ্দেশে মজুদ করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তারকৃত সম্রাট বিজিবির কাছে স্বীকার করেছে। গ্রেপ্তার সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন