চট্টগ্রামের মিরসরাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত ১০ অক্টোবর (সোমবার) দিবাগত রাতে উপজেলার মিরসরাই পৌর এলাকার ৬নং শিলপাড়া গোভনীয়া সড়কের পাশে এঘটনা ঘটে।
এঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন, সোহাগ স্টোরের মালিক মোহাম্মদ সোহাগ এবং বিজয় স্টোরের মালিক বিজয় নাথ। এসময় মালামাল ও নগদ অর্থ সহ প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন দোকানীরা।
সোহাগ স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ সোহাগ বলেন বলেন, দোকানের কাছে আমার বাড়ি। সোমবার রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করি।
তবে খাওয়া-দাওয়া করে আবার রাত ১ টার দিকে রাস্তায় আসলে তখনও সব ঠিকঠাক ছিলো। কিন্তু সকালে এসে দেখি দোকানের সামনে দিয়ে তালা ভেঙে আমার দোকানের মালামাল সহ নগদ প্রায় ৫ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া আমার পাশে বিজয়ের দোকান থেকেও মালামল সহ নগদ টাকা নিয়ে যায় চোর।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, মিরসরাই পৌরসভায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির বিষয়ে থানায় এখনও কেউ কিছু জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ ঘণ্টা / জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ । ৮:২৫ রাত