২৪ ঘন্টা নিউজ
বুধবার ১২ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

দুর্ভিক্ষ হতে পারে, যে যা পারেন উৎপাদন করেন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ । ৪:০০ বিকাল

আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যা পারেন উৎপাদন করার আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, “রানী এলিজাবেথের শেষকৃত্যে গিয়ে আমি সবার মুখে শুনেছি, আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে। তাই যে যা পারেন উৎপাদন করেন। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতার ব্যবস্থা করেছি।”

বুধবার (১২ অক্টোবর) ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পণ্যের দাম যেমন বেড়েছে, পরিবহন খরচ তেমনই বেড়েছে। তারপরেও কৃষকদের ভর্তুকি বন্ধ করিনি।”

এছাড়া সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সবাই টিকা নেবেন। সামনে শীতকাল আসছে। তাই করোনা টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত রাখতে হবে।”

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “কৃষিপণ্য বা খাদ্যপণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যে জিনিসটা সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে, আমাদের সেভাবেই সংরক্ষণাগার গড়ে তুলতে হবে। এর জন্য শিল্পাঞ্চলে সংরক্ষণাগার তৈরি করা যেতে পারে। এর জন্য আমি অর্থায়ন করবো।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন