ফিল্ম মিডিয়া ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকাদের জীবন সাধারণদের থেকে অনেকটাই আলাদা হয়। এদের জীবন যেমন রঙিন আর বর্ণিল, তেমনি হয় ঘটনাবহুল, যা আবারও প্রমাণ করলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। বিয়ের চার মাসেই মা হলেন যমজ সন্তানের। আর এতেই আইনি জটিলতায় পড়তে পারেন দক্ষিণী এ তারকা দম্পতি।
দক্ষিণী সিনেমার সফল নায়িকাদের তালিকায় প্রথম সারিতে রয়েছে নয়নতারার নাম। মালয়ালি খ্রিষ্টান পরিবারে বেড়ে ওঠা নয়নতারা পরে হিন্দুধর্ম গ্রহণ করেন। মাত্র চার মাস আগে বিয়ে করেন দক্ষিণী সিনেমার পরিচালক ভিগনেশ শিবনকে।
সম্প্রতি তারা তাদের সোশ্যাল মিডিয়ায় যমজ সন্তানের ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, তারা দুজন দুটি শিশুর পা চুম্বন করছেন। আর এ ছবি দেখেই নেটিজেনদের মাথায় হাত।
নেটদুনিয়ায় এ ছবি তোলপাড় করার মূল কারণ হলো এই তারকা দম্পতি বিয়ের মাত্র চার মাসের মধ্যেই কীভাবে বাবা-মা হলেন? এ ছাড়াও যে প্রশ্ন ভক্তদের মনের আকাশে উঁকি দিয়েছে তা হলো নয়নতারার মধ্যে প্রেগন্যান্সির কোনো লক্ষণই দেখা যায়নি।
তবে কোন উপায়ে মা হলেন নয়নতারা, এই প্রশ্ন এখন সব ভক্তের। অনেকে মনে করছেন, সারোগেসির মাধ্যমে নয়নতারার সন্তানদের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে তারকা দম্পতি এখন পর্যন্ত ভক্তদের কিছু জানাননি।
এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, নয়নতারা সব আইন মেনেই সারোগেসির পথে হেঁটেছেন কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হবে। সারোগেসির পথে শুধু সেই দম্পতিই অগ্রসর হতে পারবে যাদের শারীরিক অক্ষমতা রয়েছে।
শারীরিক অক্ষমতার কারণে যদি কেউ মা কিংবা বাবা না হতে পারেন, তবেই তাকে সারোগেসির অনুমতি দেয়া হয়। এই নিয়ম নয়নতারা ও তার স্বামী ভিগনেশ মেনেছেন কি না, সেটি তদন্ত করবে রাজ্য সরকার।
তবে আইনি জটিলতায় ভয় পান না দক্ষিণী সিনেমার এ দম্পতি। তারা তাদের সন্তানদের নিয়ে বেশ খুশি। এরই মধ্যে উইয়ার ও উলাগাম নামে দুই সন্তানের জন্য অনেক শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন। ভরিয়ে দিয়েছেন আশীর্বাদের বন্যা।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ৩:৩১ বিকাল