২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চাঁদপুরে মা ইলিশ ধরায় ৪১ জেলে আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ৩:৪৪ বিকাল

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পাঁচটি নৌকা ও ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, আনন্দবাজার, পুরানবাজার, লক্ষ্মীরচর, চিরারচর, বাশগাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা ২৫ কেজি মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এদিকে ৩১ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ ছাড়া অপর ১০ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘মা ইলিশ রক্ষায় গত ৭ থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী অভিযান চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। আজ ৪১ জেলেকে আটক করে সাজা দেওয়া হয়েছে এবং ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।’

ওসি কামরুজ্জামান বলেন, ‘চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন