২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news২ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৯ রবিউস সানি ১৪৪১ হিজরি

চিকিৎসা ঠিকমতো হচ্ছে না,কীভাবে বাঁচবে খালেদা:প্রশ্ন বোন সেলিমার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ । ৭:৫৫ রাত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন স্বজনেরা।

খালেদার বড় বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এই অবস্থা চলতে থাকলে খালেদা জিয়া কীভাবে বাঁচবেন এটা নিয়ে প্রশ্ন তুলেছেন সেলিমা। বোনের যথাযথ চিকিৎসা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার বিকালে খালেদা জিয়ার পরিবারের পাঁচজন সদস্য এক মাসেরও বেশি সময় পর তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বেরিয়ে এসে বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিমা ইসলাম।

স্বজনদের মধ্যে আরও ছিলেন- সেলিমার স্বামী রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার।

স্বজনরা প্রায় দেড় ঘণ্টা সময় খালেদা জিয়ার কাছে ছিলেন। বেরিয়ে এসে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওনার শরীর খুবই খারাপ। হাঁটাচলা করতে পারছেন না, খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। সুগার কন্ট্রোলে (নিয়ন্ত্রণ) আসছে না। এ অবস্থায় তার তো উন্নত চিকিৎসা দরকার। আদালত তো জামিন দিলেন না। পেটে ব্যথা হচ্ছে, ডাক্তার ওষুধ দিচ্ছে না, চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। এখানে কীভাবে সে বাঁচবে।’

সেলিমা ইসলাম জানান, খালেদা জিয়ার সুগার লেভেল এখন ১৪। তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান।

প্যারোলে মুক্তির ব্যাপারে খালেদা জিয়া কিছু বলেছেন নাকি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা বলেন, ‘এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনও কথা হয়নি। তারা খালেদ জিয়াকে তো জামিন দিলেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারতো। জামিন মানে তো মুক্তি না। জামিন না দেয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেন খালেদা জিয়া।’

আদালতে দেয়া মেডিকেল প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করেন খালেদা জিয়ার বোন। তিনি বোনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন