২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ নভেম্বর ২০২২ www.24ghonta.news১৭ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ৭ রবিউস সানি ১৪৪৪ হিজরি

বিশ্বজিৎ হত্যা: ১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ । ১১:২২ সকাল

বহুল আলোচিত চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছকে (৩৬) দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সোমবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ডিবি ২১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গ্রেফতার ইউনুছ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও তিনি পলাতক ছিলেন।

পরে ২০১৭ সালে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. ফজলুল হক জানান, গ্রেফতার ইউনুছ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২৪ঘণ্টা/এনআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন