২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ নভেম্বর ২০২২ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ । ৩:০৭ বিকাল

বিএনপির পক্ষ থেকে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না। সরকার যেখানে ভালো মনে করে, সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়।

আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন। এ জন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। আমাদের (আওয়ামী লীগের) কিছু দলীয় প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি সেখানে সমাবেশ করতে পারবে। তারা (বিএনপি) কী বলছে, সেটা আমরা জানি না।

সরকার পল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে— বিএনপির এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। সবচেয়ে যেখানে ভালো, সেখানেই সরকার অনুমতি দেয়। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো অফিসিয়াল অনুমতি এখনো আসেনি। বিএনপি আমাদের কাছে আসছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা। এত বড় গ্যাদারিং কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন