২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১০ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

জন্ম‌নিবন্ধন, এনআইডি ও পাস‌পোর্ট হবে একই নম্বরে : মন্ত্রিপ‌রিষদ স‌চিব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ । ৬:২২ সন্ধ্যা

এখন থেকে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন সম্পন্ন করতে হবে। আর এ নিবন্ধন নম্বরটিই হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ওই নম্বরটিই নাগরিকের পাসপোর্ট নম্বর হবে বলেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গত ২ ডিসেম্বর (শুক্রবার) সকালে বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।

মন্ত্রিপ‌রিষদ স‌চিব বলেন, এ লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যেই প্রক্রিয়াটি শেষ হবে।

রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার করারও আহ্বান জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সুশাসন হচ্ছে একটি প্রক্রিয়া, যা সরকারি কর্মচারীরা বাস্তবায়ন করেন। সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারি কর্মচারীদের শুদ্ধাচারী হতে হবে।

সভায় আরও বক্তৃতা করেন এটুআই প্রোগ্রামের উপদেষ্টা কামরুন নাহার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাফায়েত জামিল। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন