২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে গাড়ি ভাংচুরের মামলায় ছাত্রদল-যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ । ১০:০৫ রাত

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে মশাল মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. ইরফানুল হাসান রকি (৩২), মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আরিফুর রহমান (৩২) ও মহানগর যুবদলের সদস্য মো. নজরুল ইসলাম (৩০)।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় আলমাস সিনেমা হলের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক গাড়ির মালিক মামলা দায়ের করেন। পরে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বুধবার (৭ ডিসেম্বর) রাতে নগরীর ওয়াসার মোড় থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আলমাস সিনেমা হলের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দুটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম গাড়িতে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করার কথা অস্বীকার করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন