২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি

১৫০ রানে অলআউট বাংলাদেশ, ফলোঅন করালো না ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ । ১১:২৭ সকাল

আগেরদিন শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ এবং এবাদত হোসেনের দৃঢ়তায় অলআউট হওয়া থেকে বেঁচেছিলো বাংলাদেশ। তবে, সেটা ঘটতে যে বেশি সময় লাগবে না, তা নিশ্চিত ছিল। দেখার ছিলো, কতটা দ্রুত অলআউট হয় টাইগাররা।

৮ উইকেটে ১৩৩ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করার পর আর মাত্র ১৭ রান যোগ করতে পারলো বাংলাদেশ। ১৫০ রানে গিয়ে অলআউট হলো টাইগাররা। যার ফলে ২৫৪ রানের বিশাল লিড পেয়ে যায় সফরকারী ভারত।

ভারতের সুযোগ ছিলো বাংলাদেশকে ফলোঅন করানোর। কিন্তু তা তারা করালো না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করারই সিদ্ধান্ত নিলো ভারত। যে কারণে আপাতত ইনিংস পরাজয় থেকে রক্ষা পেয়েছে সাকিব আল হাসানরা।

আগের দিনের ১৩ রান নিয়ে আজ ব্যাট করতে নেমেছিলেন এবাদত হোসেন। আজ সকালে শুধুমাত্র ৪টি রান যোগ করতে পেরেছিলেন তিনি। দলীয় ১৪৪ রানের মাথায় কুলদিপ যাদবের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ দেন তিনি।

এরপর খালেদ আহমেদকে নিয়ে আর মাত্র ৫ রান যোগ করতে পেরেছিলেন মিরাজ। শেষ পর্যন্ত ইনিংসের ৫৬তম ওভারে গিয়ে অক্ষর প্যাটেলের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিরাজ। এ সময় তার নামের পাশে শোভা পাচ্ছিলো ৮২ বলে ২৫ রান।

ইনিংস শেষে ৫ উইকেট দখল করলেন কুলদিপ যাদব। ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। মোহাম্মদ সিরাজ নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন উমেষ যাদব এবং অক্ষর প্যাটেল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৮.৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৯। ১০ রান নিয়ে লোকেশ রাহুল এবং ৮ রান নিয়ে ব্যাট করছেন শুভমান গিল। সব মিলিয়ে ২৭৩ রান এগিয়ে ভারত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন