২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

লোহাগাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত বিদেশ ফেরত যুবকের চারদিন পর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ । ১১:১৭ রাত

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের নির্মম আঘাতে আহত বিদেশ ফেরত যুবক আবু জাহেদ (৪০) মারা গেছেন। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৪দিন পর মঙ্গলবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।

বিদেশ ফেরত যুবক আবু জাহেদ উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় গ্রামের পাঠিয়াল পাড়ার মৃত সাহেব মিয়ার পুত্র। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, প্রতিপক্ষের লোকজন গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে রেফার করেন। পরে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

এদিকে, যুবক আবু জাহেদকে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে নিশ্চিত করেছেন তার নিকটাত্নীয় নুরুচ্ছাফা।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : আতিকুর রহমান জানান, এ ঘটনায় লোহাগাড়া থানায় ৫ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন