২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

১৮ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ । ১:১৯ দুপুর

ব্যয় কমাতে ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি এ কথা জানিয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কোম্পানিটির ৩ লাখ শক্তিশালী করপোরেট জনশক্তির প্রায় ৬ শতাংশ ছাঁটাইয়ের আওতায় পড়বে। কর্মীদের পাঠানো এক নোটে অ্যামাজনের সিইও বলেছেন, ছাঁটাইয়ের আওতায় আসা কর্মীদের ১৮ জানুয়ারি থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

গত নভেম্বরে অ্যামাজন বলেছিল, কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের একটি পর্ব শুরু করতে যাচ্ছে। তবে ঠিক কত কর্মী ছাঁটাই করা হবে, ওই সংখ্যা তখন জানানো হয়নি।

জ্যাসি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত কর্মীদের সহযোগিতা করার বিষয়ে কাজ করছি। আমরা তাঁদের ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তী স্বাস্থ্যবিমা–সুবিধা ও অন্যত্র চাকরির ব্যবস্থা করার মতো সহযোগিতা করছি।’

প্রযুক্তি জায়ান্টটির সিইও আরও বলেন, ‘অ্যামাজন অতীতে অনিশ্চিত ও কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিয়েছে এবং আমরা সেটা চালিয়ে যাব।’

কোন এলাকার কর্মীদের ছাঁটাই করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি অ্যামাজনের সিইও। তবে তিনি বলেছেন, ‘ইউরোপে প্রযোজ্য’ কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করবে কোম্পানি।

দুই মাস আগে বার্ষিক ব্যবসা পরিচালনাসংক্রান্ত পর্যালোচনায় অ্যামাজন বলেছিল, কোম্পানিটি ব্যয় কমানোর দিকে মনোনিবেশ করবে।

ইতিমধ্যে কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে অ্যামাজন। একই সঙ্গে কয়েকটি গুদাম বড় করার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে কোম্পানিটি। মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়ায় এই সতর্কতা অবলম্বন করে প্রযুক্তি জায়ান্টটি।

ব্যক্তিগত ডেলিভারি রোবটের মতো প্রকল্প বাতিল করে অ্যামাজান ব্যবসার কিছু অংশ বন্ধ করে দেওয়ারও পদক্ষেপ নিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন