২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২৬ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

সিলেটের টানা তৃতীয় জয়, টানা দ্বিতীয় হার কুমিল্লার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ । ৬:৪৪ সন্ধ্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে রয়েছে সিলেট সিক্সার্স। সোমবার বিপিএলের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মাশরাফি ব্রিগেড। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা হজম করল টানা দ্বিতীয় হার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান করে কুমিল্লা। জবাবে সিলেট ৫ উইকেটের জয় পায় ১৪ বল হাতে রেখে। টানা তিন জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট সিক্সার্স। অন্যদিকে টানা দুই হারে ষষ্ঠ স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

লক্ষ্যে খেলতে নামা সিলেট শুরুতে মোহাম্মদ হ্যারিসের উইকেট হারালেও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি দলটির। মুশফিক, জাকির ও তৌহিদের ব্যাটে ঠিকই তুলে নেয় দারুণ জয়। ৩৭ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন তৌহিদ হৃদয়। চার ছক্কার পাশাপাশি তিনি হাঁকান তিনটি চার। মুশফিকুর রহিম ২৮ রানে থাকেন অপরাজিত। জাকির হোসেন ২০, নাজমুল হোসেন শান্ত ১৯ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জাকের আলী। তিন ছক্কার পাশাপাশি দুটি চার হাঁকান তিনি। ৩৯ বলে তিন চারে ৩৭ রান করেন ওপেনার ডেভিড মালান।

আরেক ওপেনার লিটন দাস ব্যর্থ। ৪ বলে দুই চারে তিনি করেন ৮ রান। অধিনায়ক ইমরুল কায়েসও (২) পারেননি জ্বলে উঠতে। ১২ বলে ২০ রান করেন সৈকত আলী। লোয়ার অর্ডারে মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ নবী, আবু হায়দার ছুঁতে পারেননি দুই অঙ্কের রান।

বল হাতে সিলেটের হয়ে থিসারা পেরেরা ও মোহাম্মদ আমির দুটি করে উইকেট নেন। অধিনায়ক মাশরাফি ও ইমাদ ওয়াসিম পান একটি করে উইকেট।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন