চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ইয়াবা ও পাহাড়ি ছোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১০ জানুয়ারি (মঙ্গলবার) রাতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমির হাট বাজার সংলগ্ন ভূইয়া চায়ের দোকানের পেছনে নির্মাণাধীন একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫ লিটার পাহাড়ি ছোলাই মদ, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা, ইয়াবা ট্যাবলেটের মূল্য ১৩ হাজার ৫’শ টাকা। অভিযান পরিচালনার সময় উত্তর ডাবুয়ার প্রয়াত প্রমোদ রঞ্জন বড়ুয়ার ছেলে মলয় বড়ুয়া পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর গ্রামের ফকির পাড়ার প্রয়াত মোহাম্মদ মিয়ার ছেলের ফরহাদ মিয়া জাহেদ (৩২) ও একই এলাকার মোহাম্মদ নুরুল হকের ছেলে মোহাম্মদ নিজাম (৩৮)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পাহাড়ি ছোলাই মদ ও ইয়াবাসহ দুইজনে গ্রেপ্তার করা হয়েছে। একজন পালিয়ে গেছে। তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ বুধবার দুপুরে গ্রেপ্তার দুইজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ । ৫:১৫ সন্ধ্যা