চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছে ভাই ও স্থানীয়রা। গত রোববার (২৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নে কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের গেইটে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন ইভটিজিং শিকার দুই শিক্ষার্থীর ভাই মোহাম্মদ সাউদ রহমান মোসকান (২১) ও মোহাম্মদ সাইহান (১৯) এবং মোহাম্মদ মোহাম্মদ ফয়সান (১৭)।
আহত মোহাম্মদ সাউদ রহমান মোসকান জানান, চাতরী এলাকার বখাটে মোহাম্মদ সাইমন চৌধুরী (২০), মো. রিদোয়ানুল (২২)সহ আরও ১০-১২ জন বখাটে ছেলেরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের গেইট ও চলাচলের সড়কে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, পথরোধ করা, বিদ্যালয়ে যাওয়ার পথে বাঁধাসহ নানাভাবে বিরক্ত করে আসছিল। গত রোববার বিকালে স্কুলছুটি শেষে আমার দুইবোন (দশম শ্রেণীর পড়ুয়া) বাড়ি যাওয়ার পথে তারা পথরোধ করে। আমরা প্রতিবাদ করতে গেলে তারা দল নিয়ে আমাদের ওপর হামলা করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং থানার প্রশাসনকে এসব গ্যাং বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। তাদের গ্রেপ্তার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ । ৫:১৯ সন্ধ্যা