২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news২৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২১ রজব ১৪৪৪ হিজরি

নির্বাচনে জিততে পারবে না জেনে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:৩৩ সন্ধ্যা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জিততে পারবে না জেনে বিএনপি চোরাগুপ্তা পথে আবার আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে। জঙ্গিবাদকে মাঠে নামানোর সে আলামত ও ইশারা পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, আক্রমণে যাবেন না। তবে আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণ করতে হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী স্কুল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের পক্ষে। এবং শেষ পর্যন্ত বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে আসবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় সংসদ সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে নুরুল হুদা মুকুটকে সভাপতি এবং নোমান বাগকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এ সময়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভাপতির পক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতির ঘোষণা দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন