২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৩ www.24ghonta.news১৪ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ৬ শাবান ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডের পৌরসদরে অগ্নিকাণ্ডে ১১ দোকান ও ৬টি গুদাম পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ২:৪৩ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার(২৬ ফেব্রুয়ার) সকাল ৮টার দিকে উপজেলার পৌর সদরের কলেজ রোডে (আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১১টি দোকান ও ৬টি গুদাম পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যাবসায়ীরা।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই লেপ তোষকের দোকানসহ আশপাশের ১১টি দোকান ও ৬টি গুদামে ছড়িয়ে পড়ে।

পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার জানান, সকালে ব্যবসায়ী বিশ্বজিতের ফোমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে।

স্থানীয় কাউন্সিলর ও পুড়ে যাওয়া দোকানের মালিক দিদারুল আলম অ্যাপোলো বলেন, ‘তোষকের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা শোনা যাচ্ছে। আগুনে আমার ও ব্যবসায়ীদের অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।’

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু কলেজ রোডের প্রবেশ মুখে মেলা কমিটির গেটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। তারপরও সে বাধা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফোমের গোডাউনে থাকা মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন